হরমুজ প্রণালিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন সামরিক উদ্যোগকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ফের হুমকির মুখে পড়েছে।
এনবিসি নিউজ জানায়, হরমুজে অ্যামেরিকান সামরিক বাহিনী কর্তৃক ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু হলে, ইরান ও অ্যামেরিকার পাল্টাপাল্টি হুমকির পর যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা শুরু হয়েছে।
হরমুজ প্রণালিতে সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোর আটকে পড়া জাহাজগুলো নিরাপদে পার করে দিতে সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন অভিযান শুরু করেন ট্রাম্প।
এ অভিযানের লক্ষ্য হলো আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল স্বাভাবিক করা এবং ইরান থেকে ছিনিয়ে নিয়ে প্রণালিটির নিয়ন্ত্রণে আরও একধাপ এগিয়ে যাওয়া।
এদিকে অভিযান শুরুর পর এ উদ্যোগের বিরোধিতা জানায় ইরান সরকার।দেশটির সামরিক বাহিনী জানায়, অ্যামেরিকা যদি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের চেষ্টা করে তাহলে আক্রমণের মুখে পড়বে।
এ হুমকির পর উভয় পক্ষের নৌযানে পাল্টাপাল্টি হামলার দাবি জানায় দুই দেশ। এ পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছে ইরান ও অ্যামেরিকা।
এদিকে, যুদ্ধবিরতি হুমকির মুখে পড়লেও জাহাজ মালিকদের আস্থা ফেরাতে পারেনি ‘প্রজেক্ট ফ্রিডম।’ পরিবর্তে জাহাজ চলাচলে ঝুঁকি এড়াতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন তারা।
বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষ স্থায়ীভাবে নিরাপদ চলাচল নিশ্চিত না করলে জাহাজ ও নাবিকদের ঝুঁকি কমবে না।