মিনেসোটা স্টেইটের মিনিয়াপোলিসে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে শীঘ্রই বিশেষভাবে দক্ষ ১৫০০জন সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এবিসি নিউজ জানায়, রোববার এ তথ্য নিশ্চিত করেছে প্রশাসনের দুজন প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তা।
কর্মকর্তারা জানান, বাছাই করা সৈন্যরা আলাস্কায় জয়েন্ট বেস এলমেনড্রফ-রিচার্ডসনে কর্মরত ইলিভেনথ এয়ারবর্ন ডিভিশনের সদস্য।
বাহিনীটি অ্যামেরিকার প্যাসিফিক অঞ্চলে চীনাবিরোধী প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবেও পরিচিত।
তারা আরও জানান, ট্রাম্পের নির্দেশের পরপরই সৈন্যদের মিনিয়াপোলিসে বিক্ষোভ দমনে পাঠানো হবে।
কর্মকর্তাদের একজন জানান, সৈন্যদের মিনিয়াপোলিসে মোতায়েন করতে প্রস্তুত করা হচ্ছে। তবে তাদেরকে পাঠানো হবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। হোয়াইট হাউস কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে মন্তব্য করেনি।
ইতোমধ্যে বিক্ষোভ দমনে ‘ইনসারেকশন অ্যাক্টের’ প্রয়োগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
এ আইনের আওতায় প্রেসিডেন্ট যেকোনো স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করতে পারেন।
মিনিয়াপোলিসে পরপর দুই সপ্তাহে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক নারীসহ দুজন ব্যক্তি নিহত হওয়ার ঘটনা থেকে শহরটিতে বিক্ষোভের সূত্রপাত। বৃহস্পতিবার থেকে আরও তীব্র হওয়া আন্দোলনটি সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।