স্পেনের বার্সেলোনা বিমানবন্দরে ১০ বছরের শিশু সন্তানকে একাকী রেখে এক দম্পতি ফ্লাইটে চড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গালফ নিউজ শনিবার জানায়, শিশুটির পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানার পর ফ্লাইট মিস করতে চাননি মা-বাবা। এ কারণে তাকে রেখেই বিমানে চড়ে বসেন তারা।
ঘটনাটি কবে ঘটেছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি গালফ নিউজের প্রতিবেদনে।
টিকটকে প্রকাশিত ভিডিওর মাধ্যমে ঘটনাটি জানাজানি হয়। ভাইরাল সে ভিডিও শেয়ার করেন লিলিয়ান নামের এক নারী, যিনি বিমানবন্দরটির এয়ার অপারেশন্স কোঅর্ডিনেটর।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লিলিয়ানের ভিডিওটি তিন লাখের বেশি ভিউ হয। এটি দেখে অনেকে মা-বাবার কর্মকাণ্ডের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
‘টিকিট নষ্ট করতে চাননি’ মা-বাবা
লিলিয়ানের দাবি, নিজেদের ছুটি কাটানো নির্বিঘ্ন করতে এক আত্মীয়কে শিশুটিকে বিমানবন্দর থেকে নেওয়ার দায়িত্ব দেন তার মা ও বাবা।
বিমানবন্দরের কর্মীকে শিশুটির মা-বাবার দেওয়া ব্যাখ্যা তুলে ধরে লিলিয়ান বলেন, ‘তারা তাদের টিকিট নষ্ট করতে চাননি।’
বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনালে শিশুটিকে একাকী অবস্থায় পায়। শিশুটি তার মা-বাবার বিমানে চড়ে বাড়ির পথে থাকার বিষয়টি পুলিশকে জানায় বলে খবর পাওয়া যায়।
শিশুটির পাসপোর্ট ছিল মেয়াদোত্তীর্ণ, ছিল না ভিসা
লিলিয়ান জানান, মেয়াদোত্তীর্ণ স্প্যানিশ পাসপোর্ট নিয়ে শিশুটি ভ্রমণ করছিল। তার কাছে প্রয়োজনীয় ভিসা ছিল না। এ কারণে তাকে টার্মিনালে রেখে আত্মীয়কে কল করে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে বলেন মা ও বাবা।
মুহূর্তটিকে ‘সম্পূর্ণভাবে পরাবাস্তব’ আখ্যা দিয়ে লিলিয়ান জানান, পরিস্থিতি দেখে তিনি এবং পুলিশ সদস্য উভয়ই পরিস্থিতি দেখে হতবাক।
ওই নারী কর্মকর্তা জানান, তিনি ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করছেন। চাকরি জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু এটি ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য।
লিলিয়ান জানান, সন্তানকে এভাবে রেখে যাওয়ার কথা ভাবতেও পারেন না তিনি।
লাগেজ নামিয়ে দম্পতিকে জিজ্ঞাসাবাদ
বিমানবন্দর পুলিশ বিমান থেকে লাগেজ নামিয়ে দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়
নিউ ইয়র্ক পোস্ট জানায়, বিমানবন্দরে শিশুকে রেখে ফ্লাইটে চড়ার ঘটনা নতুন নয়। ২০১৮ সালে জার্মানিতে এমন একটি ঘটনা ঘটে। সে সময় স্টুটগার্ট এয়ারপোর্টে পাঁচ বছর বয়সী সন্তানকে রেখে চলে যায় এক দম্পতি।