নিকেলোডিয়নের ‘কিডস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনটি পুরস্কার জিতেছে সাউথ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। অন্যদিকে, ‘কিং অব কমেডি’ সম্মাননায় ভূষিত হয়েছেন হলিউড অভিনেতা ক্রিস প্র্যাট। এছাড়া সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটির অভিনয়শিল্পী টম হল্যান্ড ও জেন্ডায়াও পেয়েছেন সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার।
শনিবার (১৪ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসের টেলিভিশন সিটিতে অনুষ্ঠিত হয় এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পপ সংগীতশিল্পী অ্যালেক্স ওয়ারেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিটিএস তাদের ‘অ্যারিরাং’ অ্যালবামের জন্য ফেভারিট অ্যালবাম, ‘সুইম’ গানের জন্য ফেভারিট সং এবং ফেভারিট মিউজিক গ্রুপ বিভাগে পুরস্কার জিতেছে। ফেভারিট মিউজিক গ্রুপ বিভাগে এটি তাদের পঞ্চম জয়।
অন্যদিকে, অভিনয় ও কমেডিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ক্রিস প্র্যাটকে দেওয়া হয় ‘কিং অব কমেডি’ সম্মাননা। পুরস্কার গ্রহণের সময় নিজের চার সন্তানের কথা উল্লেখ করে মজা করে তিনি বলেন, সন্তানদের জন্মই ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা, তবে এবারের পুরস্কার পাওয়ার পর সেটি নতুন মাত্রা পেয়েছে।
পরে বক্তব্যে শিক্ষকদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর গুরুত্ব তুলে ধরেন তিনি। জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কমেডির ভূমিকার কথাও বলেন এই অভিনেতা।
এবারের আসরে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সেরা সিনেমার পুরস্কার জেতে। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন টম হল্যান্ড এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পান জেন্ডায়া।
প্রথমবারের মতো অনুষ্ঠানটি নিকেলোডিয়নের পাশাপাশি সিবিএস টেলিভিশন নেটওয়ার্কেও সম্প্রচার করা হয়। এ ছাড়া প্যারামাউন্ট প্লাসের প্রিমিয়াম গ্রাহকদের জন্য অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
প্রতি বছর দর্শক ও ভক্তদের ভোটে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও ভিডিও গেমসের জনপ্রিয় তারকা এবং সৃষ্টিকর্মকে এই পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের দেওয়া হয় নিকেলোডিয়নের পরিচিত কমলা রঙের ব্লিম্প ট্রফি। অনুষ্ঠানে তারকাদের ওপর সবুজ স্লাইম ঢেলে দেওয়ার আয়োজনও থাকে।
সূত্র: রয়টার্স ও নিকেলোডিয়ন