নিউ ইয়র্ক সিটির কুইন্সে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের হাতে গ্রেপ্তার ছয় বছরের মেয়ে ও তার মাকে ইকুয়েডরে বিতাড়ন করা হয়েছে।
আইউইটনেস নিউজ মঙ্গলবার জানায়, মেয়েটি কুইন্সের এলমহার্স্টের পি.এস. ৮৯-এর ছাত্রী ছিল।
গত সপ্তাহে ২৬ ফেডারেল প্লাজায় রুটিন ইমিগ্রেশন চেক-ইনের সময় পরিবারটিকে আটক করে নিয়ে যায় আইস।
এ বিষয়ে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলস চ্যান্সেলর মেলিসা অ্যাভিলেস-রামোস বলেন, কোনো শিশু বা পরিবারকে তাদের কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করা কিংবা আড়ালে লুকিয়ে থাকতে বাধ্য হওয়ার অনুভূতি দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, এ শরতে শিশুটির স্কুলে ফেরার প্রস্তুতি নেওয়ার কথা ছিল, যেখানে তার থাকার কথা যত্নে ও নিরাপদে।
মেয়েটির ১৯ বছর বয়সী ভাইকেও তুলে নেয় আইস। এ তরুণকে নিউ জার্সির নিউয়ার্কের ডেলানি হল ডিটেনশন ফ্যাসিলিটি নামের আটক কেন্দ্রে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পায়নি আইউইটনেস নিউজ।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিবাসীদের ধরপাকড় শুরু করে ফেডারেল সংস্থাটি।
ট্রাম্পের এ মেয়াদে নিউ ইয়র্ক সিটিতে আইসের হাতে গ্রেপ্তার প্রথম জ্ঞাত অপ্রাপ্তবয়স্ক হলো ছয় বছরের শিশুটি।