জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বৃহস্পতিবার বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের দেয়া এক পোস্টে ট্রাম্প নিশ্চিত করেন এ তথ্য।
ওই পোস্টে তিনি বলেন, ‘বন্ডির দায়িত্ব বদল হয়ে বেসরকারি খাতে নতুন ভূমিকায় যাচ্ছেন।’
বন্ডির পরিবর্তে এখন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ।
বন্ডি তার এক্স পোস্টে শুক্রবার বলেন, ‘আগামী এক মাস অ্যাটর্নি জেনারেলের পদটি ব্লাঞ্চকে হস্তান্তর করতে আমি সাহায্য করব।
‘পরে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ বেসরকারি খাতে দায়িত্ব পালন করব।‘
যেসব কারণে বরখাস্ত হলেন বন্ডি
গত বছর ফেব্রুয়ারি মাসে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়া বন্ডি ছিলেন ট্রাম্পের আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধু।
তবে দুটি বিষয়কে কেন্দ্র করে চলা কয়েক মাসের সমালোচনা ও ট্রাম্পের অসন্তোষ পরিশেষে হয়ে উঠল পদ হারানোর কারণ।
এর মধ্যে একটি হলো প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সম্পর্কিত মামলা নিয়ে অস্বচ্ছতা।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বন্ডি যখন ২০২৫ সালে ক্ষমতা পান। তখন জাস্টিস ডিপার্টমেন্ট থেকে এপস্টিন সম্পর্কিত নথি প্রকাশ ও মামলা পরিচালনায় স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন।
তবে ক্ষমতা গ্রহণের পর এপস্টিন কাণ্ডে জড়িতদের তথ্য প্রকাশের কথা থাকলেও ‘ক্লায়েন্ট লিস্ট’ এর অস্তিত্ব নেই বলে দাবি করতে শুরু করেন বন্ডি।
যেসব নথি প্রকাশ করা হয়েছে, সেখানেও বন্ডির প্রভাবে নতুন তথ্য খুব কম ছিল বলে সমালোচনা শুরু হয়।
এক পর্যায়ে এপস্টিনকে ঘিরে বন্ডির ওপর বিতর্ক এমন অবস্থায় পৌঁছায়, যা রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, ট্রাম্প তার প্রতিপক্ষদের হেনস্থা করতে বেশ কয়েকটি আলোচিত মামলা শুরু করেছিলেন। এসব মামলায় বন্ডি সমর্থন যোগালেও, ট্রাম্পের সন্তুষ্টি অনুযায়ী আক্রমণাত্মক পদক্ষেপ নিতে ব্যর্থ হন তিনি। যার পরিণতি হয় পদ হারানো।