Skip to main content

নিউ ইয়র্কে বাড়ি থেকে বিপজ্জনক রাসায়নিক উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩ ২০২৬, ১৪:১৯ হালনাগাদ: এপ্রিল ২৩ ২০২৬, ১৭:০৬

স্থানীয় বোম্ব স্কোয়াট ঘটনাস্থলেই উদ্ধার হওয়া রাসায়নিক পদার্থগুলো নষ্ট করে।

স্থানীয় বোম্ব স্কোয়াট ঘটনাস্থলেই উদ্ধার হওয়া রাসায়নিক পদার্থগুলো নষ্ট করে।

  • 0

পুলিশ জানায়, উদ্ধার হওয়া রাসায়নিকগুলো বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল। সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল যে, ঘটনাস্থল থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব ছিল না।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির সায়োসেট এলাকায় একটি বাড়ি থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত বাবা ফ্রান্সিসকো সানলেস ও তার ১৫ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইউইটনেস নিউজ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে প্যাট্রিসিয়া লেনের একটি বাড়িতে অভিযান চালানোর পর তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে অভিযুক্ত কিশোরের শিক্ষা প্রতিষ্ঠান সায়োসেট হাই স্কুলের বাথরুমের দেয়ালে স্বস্তিকা চিহ্ন ও বিদ্বেষমূলক বার্তা পাওয়া যায়, যা থেকে তদন্তের সূত্রপাত।

অভিযান চলাকালীন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি বিপজ্জনক রাসায়নিক বাড়ির সামনে এনে রাখেন উদ্ধারকর্মীরা। পরে স্থানীয় বোম্ব স্কোয়াড ঘটনাস্থলেই সেগুলো নষ্ট করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া রাসায়নিকগুলো বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল। সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল যে, ঘটনাস্থল থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব ছিল না।

তদন্ত কর্মকর্তারা জানান, সানলেস অর্থের বিনিময়ে একাধিকবার এসব রাসায়নিক কিনেছেন। তার বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ, অপরাধে সহায়তা, শিশুর কল্যাণ বিপন্ন করা এবং বেপরোয়া আচরণের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, কিশোরটির বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ, ভাঙচুর, গুরুতর হয়রানি এবং দেয়ালে ঘৃণামূলক চিহ্ন আঁকার অভিযোগ আনা হয়েছে।

বাবা ও ছেলেকে পৃথকভাবে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ওই ঘটনার পর সায়োসেট হাই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছে, স্কুলে স্বস্তিকা ও বর্ণবাদী লেখা পাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে।