অবৈধ অভিবাসী দমন নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়ার তার সহকর্মী বিচারপতি ব্রেট ক্যাভানোকে লক্ষ্য করে যে মন্তব্য করেছিলেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, তার মন্তব্য “অনুপযুক্ত” ছিল এবং এজন্য তিনি ক্ষমা চেয়েছেন।
গত সপ্তাহে ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এক বক্তব্যে সোটোমায়ার ক্যাভানোর একটি রায়ের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। তিনি বলেন, ক্যাভানো এমন একজন ব্যক্তি, যিনি হয়তো ঘণ্টাভিত্তিক কাজ করা মানুষের বাস্তবতা বোঝেন না—যা নিয়ে তাৎক্ষণিক বিতর্ক তৈরি হয়।
এই মন্তব্যটি আসে একটি গুরুত্বপূর্ণ মামলার প্রেক্ষাপটে, যেখানে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কঠোর পদক্ষেপ চালুর অনুমতি দেয়। এই নীতির সমালোচকরা এটিকে জাতিগত প্রোফাইলিংয়ের ঝুঁকিপূর্ণ উদাহরণ হিসেবে দেখেছিলেন।
ওই মামলায় ক্যাভানো তার পৃথক মতামতে লিখেছিলেন, কোনো ব্যক্তিকে আটক করার ক্ষেত্রে “দৃষ্টিগোচর জাতিগত পরিচয়” একটি প্রাসঙ্গিক বিষয় হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, এমন কোনো আইন প্রয়োগকারী পদক্ষেপ সাময়িক এবং যুক্তিসঙ্গত হওয়া উচিত।
অন্যদিকে সোটোমায়ার এই রায়ের বিরুদ্ধে ভিন্নমত দেন এবং বিচারপতি এলিনা কাগান এবং কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন তার সঙ্গে একমত হন।
তার লিখিত ভিন্নমতে তিনি সতর্ক করেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে শুধু ল্যাটিনো চেহারা, স্প্যানিশ ভাষা বা নিম্ন আয়ের কাজের সঙ্গে যুক্ত হওয়ার কারণে মানুষকে আটক করা হবে—যা সাংবিধানিক স্বাধীনতার জন্য হুমকি।
সোটোমায়ারের এই ব্যক্তিগত মন্তব্য আইনি মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ক্যাভানোর ঘনিষ্ঠ মহল থেকে ক্ষমা চাওয়ার দাবি উঠলে তিনি বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “আমি আমার এক সহকর্মীর সঙ্গে মতবিরোধের প্রসঙ্গ তুলে এমন মন্তব্য করেছি, যা অনুপযুক্ত ছিল। আমি আমার কষ্টদায়ক মন্তব্যের জন্য দুঃখিত এবং সহকর্মীর কাছে ক্ষমা চেয়েছি।”
এর আগে আলাবামা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বিচারকদের মধ্যে পারস্পরিক সৌজন্য ও শালীনতা বজায় রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন।