আইডাহোতে মাঝআকাশে নৌবাহিনীর ২ যুদ্ধবিমান সংঘর্ষ
সংঘর্ষে বিমান বিধ্বস্তের চিত্র।
- 0

সংঘর্ষে বিমান বিধ্বস্তের চিত্র।

প্রকাশিত: মে ১৭ ২০২৬, ২২:৩৫

আইডাহো স্টেইটে একটি এয়ার শো চলাকালে নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান মাঝআকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, রোববার মাউন্টেন হোম এয়ার ফোর্স ঘাঁটিতে এ ঘটনা ঘটে।
উভয় বিমানের চারজন ক্রু সদস্যই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আ্যমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, সংঘর্ষে জড়িত ছিল ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ডভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ১২৯-এর দুটি ইএ–১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। এয়ার শোতে আকাশে কসরত প্রদর্শনের সময় দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, চারজন ক্রু সদস্যই নিরাপদে বের হয়ে আসেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।
ঘটনায় সামরিক ঘাঁটির ভেতরে কেউ আহত হননি বলে জানিয়েছেন আয়োজকদের সহযোগী প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর বিপণন পরিচালক কিম সাইকস।
তিনি বলেন, ‘সবাই নিরাপদে আছেন, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর চারটি প্যারাসুট আকাশে খুলে যায়। এরপর বিমান দুটি ঘাঁটির কাছে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শী শেন ওগডেন বলেন, তিনি ভিডিও ধারণ করছিলেন।
তার ধারণ করা দৃশ্যে দেখা যায়, বিমান দুটি কাছাকাছি এসে ধাক্কা লাগার পর একসঙ্গে ঘুরতে ঘুরতে নিচে নামতে থাকে। এরপর ক্রুরা ইজেক্ট করেন।
মাউন্টেন হোম ঘাঁটির ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো ২০১৮ সালের পর এবারই প্রথম আয়োজন করা হয়। অনুষ্ঠানে আ্যমেরিকার বিমানবাহিনীর থান্ডারবার্ডস প্রদর্শনী স্কোয়াড্রনও অংশ নেয়।
আ্যমেরিকায় প্রতি বছর প্রায় ২০০টি এয়ার শো অনুষ্ঠিত হয়। নিরাপত্তা জোরদারে দীর্ঘদিন ধরে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সর্বশেষ ২০২২ সালে ডালাসে একটি এয়ার শোতে দুটি পুরোনো সামরিক বিমান সংঘর্ষে ছয়জন নিহত হন।
