Skip to main content

ভাই জুবিন গর্গের মতো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন জংকি বরঠাকুর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২৫, ১:২০ হালনাগাদ: জুন ১৯ ২০২৬, ২১:৩৮

ভাই জুবিন গর্গের সঙ্গে জংকি বরঠাকুর। ছবি: এনডিটিভি

ভাই জুবিন গর্গের সঙ্গে জংকি বরঠাকুর। ছবি: এনডিটিভি

  • 0

২০০২ সালে জংকি তার ভাইয়ের সঙ্গে সূতিয়া জেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। গাড়ি বালিপাড়ার কাছাকাছি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি।ভাগ্যক্রমে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে গাড়ি পরিবর্তন করেছিলেন গর্গ।

ইয়া আলী গান খ্যাত ভারতীয় শিল্পী, সংগীত পরিচালক জুবিন গর্গ শুক্রবার সিঙ্গাপুরে এক স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় মারা গেছেন। তার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র পরিচালক, সংগীতশিল্পী ও ভক্তদের মধ্যে বইছে শোকের মাতম।

এ ঘটনার মধ্য দিয়ে উঠে এসেছে গর্গের বোন জংকি বরঠাকুরের মৃত্যুর স্মৃতি। ২৩ বছর আগে ভাইয়ের মতো এক দুর্ঘটনায় মারা যান এই সংগীতশিল্পী, অভিনেত্রী। জংকির মৃত্যুর ঘটনা উঠেছে এনডিটিভির প্রতিবেদনে

এনডিটিভি জানায়, ২০০২ সালে মাত্র ১৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান জংকি ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, জংকি তার ভাইয়ের সঙ্গে সূতিয়া জেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। গাড়ি বালিপাড়ার কাছাকাছি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি।

সেদিন একই গাড়িতে করে বোনের সঙ্গে রওনা হয়েছিলেন গর্গ। ভাগ্যক্রমে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে গাড়ি পরিবর্তন করেছিলেন তিনি।

১৮ বছরের জীবদ্দশায় জংকি উপহার দিয়ে গেছেন বেশ কিছু জনপ্রিয় গান, অসমীয়া ধারাবাহিক নাটক। ভাইয়ের মতো তিনিও ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

বিভিন্ন সময় গর্গকে প্রয়াত বোনের স্মৃতিচারণ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২০ সালে বোনের ৩৬তম জন্মবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাই-বোনের ছবি সংবলিত একটি পোস্ট করেছিলেন প্রয়াত এই শিল্পী।

গর্গের মৃত্যুকালে বয়স হয় ৫২ বছর। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘খুব তাড়াতাড়ি বিদায় নিলেন, এখনো তার প্রস্থানের বয়স হয়নি। আসাম তার প্রিয় পুত্রকে হারালো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাকে আসামের সংস্কৃতির একজন শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবে।’