ভারতে ভোটার তালিকা হাল নাগাদের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের (ইসিই) পরিচালিত বাড়ি বাড়ি যাচাইকরণ প্রক্রিয়া (এসআইআর) নিয়ে বাড়ছে বিতর্ক।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সংসদের ভেতরে ও বাইরে চলমান এসআইআর নিয়ে বিরোধ যখন তীব্র হচ্ছে, তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার সংশোধিত খসড়া ভোটার তালিকায় বাদ পড়া কিছু ব্যক্তির সাথে একটি ভিডিও শেয়ার করেছেন যাদেরকে ‘মৃত’ ঘোষণা করা হয়েছে।
কংগ্রেস নেতা এক্সে দেয়া পোস্টে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘জীবন অনেক মনোমুগ্ধকর অভিজ্ঞতা হয়েছে, তবে মৃত মানুষদের সাথে চা খাওয়ার সুযোগ আমার কখনও হয়নি।’
তিনি ভারতের শীর্ষ নির্বাচনী সংস্থাটির সমালোচনা করে বলেন, ‘এই অনন্য অভিজ্ঞতার জন্য, নির্বাচন কমিশনকে ধন্যবাদ’!
রাহুল গান্ধীর পোস্টটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মুহূর্তেই ঝড় তোলে তার এই পোস্ট। নির্বাচন কমিশনের এমন কাণ্ড নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে।
দ্য ইকোনামিক টাইমস জানায়, বিহারের সাতজন ভোটারের একটি দল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে দেখা করে। এবং নির্বাচন কমিশন কর্তৃক কীভাবে তাদের ‘মৃত’ ঘোষণা করা হয় এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছিল সে সম্পর্কে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়।
রাহুল গান্ধী ঐ ভিডিওতে বলেন, বিশেষ নিবিড় পুনর্বিবেচনার সময় নির্বাচন কমিশন তাদের ‘মৃত ঘোষণা’ করেছে এবং বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের মধ্যে তারাও ছিলেন।
উল্লেখ্য বিহারে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। বিরোধীরা সংসদের উভয় কক্ষেই ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই পদক্ষেপের লক্ষ্য এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা।