মিনেসোটা স্টেইটের মিনিয়াপোলিসে এক বছর বয়সী বালক ও তার বাবাকে গ্রেপ্তার করার অভিযোগ ওঠেছে ইউএস ইমিগ্রেশন সার্ভিসেস অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের বিরুদ্ধে।
আইউইটনেস নিউজ জানায়, আটক হওয়া ওই বাবার নাম আদ্রিয়ান আলেকজান্ডার কোনেহো আরিয়াস। তার সন্তানের নাম লিয়াম।
আইসের দাবি,ফেডারেল কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল আরিয়াসকে আটক করা। ওই অবস্থায় তিনি সঙ্গে থাকা সন্তান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ পরিস্থিতি তৈরি হয়।
মিনিয়াপোলিস আইসের উর্দ্ধতন কর্মকর্তা মারকোস চার্লস শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আদ্রিয়াস তার ছেলে লিয়ামকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে অবস্থান করছিলেন।
‘এমন সময় আইস কর্মকর্তাদের দেখতে পেয়ে পালাতে উদ্যত হন। বালক গাড়িতে একা থাকায় তাকে কর্মকর্তারা হেফাজত করেন।’
চার্লস আরও জানান, বালককে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাইলেও, পরিবারের সদস্যরা বাড়ির দরজা খুলেননি। একইসঙ্গে তাকে নিতে অস্বীকৃতি জানান।
তবে পরিবারের সদস্য ও লিয়ামের স্কুল কর্তৃপক্ষের দাবি, ঘটনার সময় তার মা বাড়ির ভিতরেই ছিলেন।
ফেডারেল কর্মকর্তারা বালককে পাঠিয়ে বাড়ির দরজায় কড়া নাড়তে বলেন। বাড়ির ভিতরে কে কে আছে সেটি দেখার পর কর্মকর্তারা আবার বালককে সঙ্গে নিয়ে চলে যান।
ওই সময় বালকের মা সন্তানকে ফিরে পেতে অনেক অনুরোধ করলেও কর্মকর্তারা তা এড়িয়ে যান।
বর্তমানে গ্রেপ্তার হওয়া বাবা ও তার ছেলে টেক্সাসের ডিলে ইমিগ্রেশন প্রসেসিং সেন্টারে আটক আছেন।
আটক হওয়া ব্যক্তি ও তার পরিবারকে বিতাড়নের বৈধ অভিযোগ ও নির্দেশ নেই।