চলতি সপ্তাহে বিমানবন্দরগুলোতে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অথরিটি-টিএসের কর্মীদের পাশাপাশি নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করবে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস। রোববার এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ জানায়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসে চলমান শাটডাউনে বিমানবন্দরগুলোতে নিরাপত্তাকর্মীর সংকটের জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
এর আগে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা যদি দ্রুত ডিএইচএসের তহবিল বরাদ্দে সম্মত না হয়, তাহলে আইস কর্মীদের বিমানবন্দরে পাঠানো হবে।‘
‘আইস কর্মীদের সোমবার থেকে টিএসের কর্মীদের নিরাপত্তার কাজে সহায়তা করতে দেখা যাবে’, যোগ করেন ট্রাম্প।
ডিএইচএসের একজন মুখপাত্র জানান, চলমান শাটডাউনে নিরাপত্তাকর্মীর অভাবে যাত্রীদের দীর্ঘলাইনে অপেক্ষা করতে হয়। এতে যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছে। এ পরিস্থিতির অবসান করতে বিমানবন্দরগুলোতে শত শত আইস কর্মকর্তা মোতায়েন করা হবে।
আইস কর্মকর্তারা বিমানবন্দরে প্রবেশ ও প্রস্থান পথে যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবেন।
তবে ট্রাম্পের এ সিদ্ধান্তে সমালোচনা জানিয়েছে টিএসএ কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ।’
সংগঠনটির প্রতিনিধি দলের ভাষ্য, প্রশিক্ষণহীন সশস্ত্র এজেন্ট দিয়ে এই ঘাটতি পূরণ করা যাবে না। পরিবর্তে দ্রুত শাটডাউন শেষ করে বেতনসহ টিএসএ কর্মীদের কাজে ফিরিয়ে আনতে দাবি জানান তারা।