গাজায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বৈশ্বিক শান্তি উদ্যোগ বোর্ড অব পিসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে চীন।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, অ্যামেরিকার পক্ষ থেকে এই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে।
তবে চীন এতে যোগ দেবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এই উদ্যোগের লক্ষ্য বিশ্বব্যাপী সংঘাত নিরসনে একটি নতুন কাঠামো গড়ে তোলা।
পরিকল্পনা অনুযায়ী, উদ্যোগের প্রথম ধাপে গাজা সংকট নিয়ে কাজ শুরু করা হবে, এরপর তা অন্যান্য বৈশ্বিক সংঘাতে সম্প্রসারিত করা হবে।
তবে প্রস্তাবিত কাঠামোটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। কূটনীতিকদের আশঙ্কা, এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকাকে খর্ব করতে পারে।
প্রস্তাব অনুযায়ী, বোর্ডটির চেয়ারম্যান আজীবনের জন্য হবেন ট্রাম্প নিজেই। সদস্য দেশগুলোর মেয়াদ হবে তিন বছর, যদি না তারা এক বিলিয়ন ডলার পরিশোধ করে মেয়াদ বাড়ায়।
বিশ্বের বিভিন্ন দেশ এখন পর্যন্ত এই আমন্ত্রণে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিশেষ করে এমন এক সময়ে এই প্রস্তাব এলো, যখন চীন ও অ্যামেরিকা সম্প্রতি একটি নাজুক বাণিজ্যিক সমঝোতায় পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, চীন এই উদ্যোগে যোগ দিবে কি না, তা নির্ভর করবে উদ্যোগটির কাঠামো, জাতিসংঘের সঙ্গে সম্পর্ক ও বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের ওপর।