ইতালির ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগোর নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে দেশটির অলিম্পিক কমিটি কনিই’। একই সময়ে তুরস্কের সঙ্গে যৌথভাবে ২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতিতে স্টেডিয়াম নিয়ে সংকটের মুখে পড়েছে ইতালি।
নির্বাচনে মালাগো ৬৮ দশমিক ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক ফেডারেশন সভাপতি জিয়ানকার্লো আবেতে পান ২৯ দশমিক ১৭ শতাংশ ভোট। তদন্তের মূল বিষয় হলো, নির্বাচনের সময় মালাগো ইতালির ফুটবল ফেডারেশনের সদস্য হিসেবে নিবন্ধিত ছিলেন কি না। বৃহস্পতিবার মালাগো জানান, তদন্ত নিয়ে তিনি উদ্বিগ্ন নন। কনিই মঙ্গলবার বিষয়টি নিয়ে আলোচনা করবে।
এদিকে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ইতালির কর্তৃপক্ষকে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন। ইউরো ২০৩২-এর জন্য ইতালির ফুটবল ফেডারেশন ১৩টি শহরের ১৪টি স্টেডিয়ামের তালিকা উয়েফার কাছে জমা দিয়েছে। তবে বর্তমানে এসবের মধ্যে শুধু তুরিনের জুভেন্টাসের আলিয়াঞ্জ স্টেডিয়ামই ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত।
সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে বারি, বোলোনিয়া, ক্যালিয়ারি, ফ্লোরেন্স, জেনোয়া, লেচ্চে, মিলান, নেপলস, পালের্মো, রোম, সালের্নো, তুরিন ও ভেরোনা। রোম দুটি স্টেডিয়াম প্রস্তাব করেছে—স্টাদিও অলিম্পিকো এবং পরিকল্পনাধীন নতুন রোমা স্টেডিয়াম। উয়েফা ইতালি ও তুরস্ক থেকে পাঁচটি করে স্টেডিয়াম বেছে নেবে। ২৪ দলের এই টুর্নামেন্টে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইতালির বেশ কয়েকটি প্রধান সম্ভাব্য ভেন্যুতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। রোমের নতুন রোমা স্টেডিয়াম নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও কাজ আগামী বছর শুরু হওয়ার কথা।
এর আগে, স্টেডিয়াম সংকটের কারণে ইতালি এককভাবে ইউরো আয়োজনের পরিকল্পনা থেকে সরে তুরস্ককে নিয়ে যৌথ আয়োজনের প্রস্তাব দেয় এবং এপ্রিলে ইতালির সরকার স্টেডিয়ামগুলোর জন্য মাসিমো সেসাকে বিশেষ কমিশনার নিয়োগ করে।