খারাপ আচরণ করলেই দেশে ফেরত
অভিবাসীদের নিয়ন্ত্রণে ইতালির মন্ত্রীর কঠোর প্রস্তাব

সজীব আহোমেদ রিওন, ইতালি

প্রকাশিত: অক্টোবর ৫ ২০২৫, ১:০১ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ১১:১১

ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার মাতেও সালভিনি। ছবি: রয়টার্স

ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার মাতেও সালভিনি। ছবি: রয়টার্স

  • 0

অভিবাসীদের নাগরিকত্ব প্রদানে চালু করা হতে পারে পয়েন্টভিত্তিক রেসিডেন্স পারমিট।

ইতালির অভিবাসীদের নাগরিকত্ব প্রদান ও সামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে এক কঠোর প্রস্তাব দিয়েছেন দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার মাতেও সালভিনি।

শুক্রবার ‘মাতিনো ৫’ নামে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি প্রস্তাব জানান, অভিবাসীদের নাগরিকত্ব প্রদানে ‘পয়েন্টভিত্তিক রেসিডেন্স পারমিট’ চালু করার।

সালভিনি বলেন, ‘এই ব্যবস্থাপনায় অভিবাসীদের সামাজিক ও আইনানুগ আচরণের উপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারণ করা হবে। কেউ গুরুতর অপরাধ বা খারাপ আচরণ করলে তার পয়েন্ট কাটা হবে। নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হারালে তাকে দেশে ফেরত পাঠানো হবে।'

ডেপুটি প্রাইম মিনিস্টার তার এই প্রস্তাবকে তুলনা করেন ড্রাইভিং লাইসেন্সে প্রদানের পদ্ধতির সঙ্গে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় যেভাবে পয়েন্ট কাটা হয় অনেকটা সেভাবেই পরিচালিত হবে রেসিডেন্স পারমিট পয়েন্ট।

নিজের প্রস্তাবের পক্ষে সালভিনি বলেন, ‘আমি যদি আপনাকে আমার বাড়ির দরজা খুলে দেই, তাহলে আপনার কাছ থেকেও আমি দায়িত্বশীল আচরণ আশা করব।‘

ইতালির মিলানে দুইজন দণ্ডিত অভিবাসীর সহিংস ঘটনার প্রেক্ষিতে সালভিনি এই প্রস্তাব দেন বলে জানায় বিভিন্ন সংবাদমাধ্যম।

তবে এর মধ্যে তার এই প্রস্তাব নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সাবেক বিচারক পাওলো রেমার বলেন, ‘এ প্রস্তাব বাস্তবায়ন হলে অভিবাসন নীতির আইনের ব্যাপক সংস্কার করতে হবে। প্রত্যেকের জন্য সমতা ও মর্যাদা রক্ষার মতো সাংবিধানিক আইনও লঙ্ঘন হতে পারে এ প্রস্তাবে।’

সালভিনিরএমন প্রস্তাব ইউরোপজুড়ে চলমান অভিবাসন বিতর্কেও নতুন মাত্রা যোগ করেছে।