দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখল্কৃত এলাকার একটি মানচিত্র বুধবার প্রকাশ করে দেশটির সামরিক বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফ জানিয়েছে, তারা এখনই অঞ্চলগুলো থেকে সৈন্য প্রত্যাহার করছে না।
একইসঙ্গে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, দখলকৃত অঞ্চলে সৈন্য মোতায়েন অব্যাহত রাখার বিষয়ে অ্যামেরিকার সঙ্গে আলোচনা করছে ইসরায়েল।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ লেবাননের নির্ধারিত (দখলকৃত) এলাকায় সৈন্যদের মোতায়েন অব্যাহত আছে। আইডিএফের সৈন্যরা হুমকি প্রতিরোধ ও উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আইডিএফ মানচিত্রের ছবি প্রকাশ করে দখলকৃত অঞ্চলগুলোকে তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে অভিহিত করেছে।
এর আগে গত এপ্রিল মাসে প্রথম দখলকৃত এলাকার মানচিত্রের ছবি প্রকাশ করেছিল আইডিএফ। এবার নতুন প্রকাশিত মানচিত্রে দেখা গেছে, পূর্বের তুলনায় ইসরায়েল দক্ষিণ লেবাননের আরও কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকা দখল করেছে। এর মধ্যে আছে দক্ষিণ লেবাননের লিতানি নদীর উত্তরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি নাবাতিয়ার নিকটবর্তী এলাকাগুলোও।
এদিকে, যুদ্ধ বন্ধে ও শান্তিচুক্তি স্থাপনে বুধবার চূড়ন্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করে ইরান-অ্যামেরিকা। স্মারকের প্রস্তাব ও ইরানের দাবি অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের পাশাপাশি লেবানন অঞ্চল থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার ও হামলা বন্ধ করতে হবে।
তবে ইসরায়েল লেবানন থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করে হামলা চালিয়ে যাচ্ছে।