রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সংস্থাটির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি তদন্তের দায়িত্ব ওয়ারী বিভাগের উপকমিশনারকে (ডিসি) দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।
একজন মন্ত্রী পুলিশের দায়িত্ব পালন করতে পারেন কি না, এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি ডিবিপ্রধান।
এর আগে গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ইশরাক হোসেন। ভিডিওতে ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর দাবি করা হয়।
প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ইশরাকসহ কয়েকজন একটি গাড়ি থেকে নেমে একদল লোককে ধাওয়া করছেন। এ সময় ইশরাক ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তাদের সঙ্গে থাকা কয়েকজন অন্তত তিনজনকে আটক করেন। অন্য এক ব্যক্তিকে কয়েকজনের দিকে অস্ত্র তাক করতে এবং একজনকে লাথি মারতেও দেখা যায়। ওই ঘটনায় একজন মন্ত্রী প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এমন অভিযান চালানোর এখতিয়ার প্রসঙ্গে সামাজিক মাধ্যমে নানা সমালোচনাত্র সৃষ্টি হয়।
ইশরাকের ফেসবুক পোস্ট অনুযায়ী, গেন্ডারিয়া রেললাইনের কাছে একটি মাদকের আস্তানা লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। পরে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুলিশকে কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়।