দক্ষিণ মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইসাইয়াস দ্রুত শক্তিশালী হয়ে বিপজ্জনক ক্যাটাগরি ২ হারিকেনে পরিণত হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে ঝড়টি উত্তর গালফ কোস্টের লুইজিয়ানা থেকে ফ্লোরিডা পানহ্যান্ডেল পর্যন্ত আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, শুক্রবার ঝড়টি অ্যামেরিকার উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে শনিবারের প্রথম ভাগের মধ্যে মিসিসিপির বিলোক্সি থেকে ফ্লোরিডার পানামা সিটির মধ্যবর্তী কোনো এলাকার স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা আছে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বুধবার ভোরে মেক্সিকোর প্রোগ্রেসো থেকে প্রায় ২৮৫ মাইল পশ্চিমে এবং মিসিসিপি নদীর মোহনা থেকে প্রায় ৫৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে ট্রপিক্যাল ডিপ্রেশন নাইন থেকে শক্তিশালী হয়ে ইসাইয়াস ঝড়ে পরিণত হয়। এসময় এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ মাইল (প্রায় ৬৪ কিলোমিটার)। ঝড়টি ঘণ্টায় প্রায় ৮ মাইল (১৩ কিলোমিটার) বেগে পূর্ব-উত্তরপূর্ব দিকে এগোচ্ছিল।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ইসাইয়াস ইউকাটান উপদ্বীপের উত্তরের দিক দিয়ে অতিক্রম করতে পারে। এরপর শুক্রবার এটি অ্যামেরিকার উত্তরাঞ্চলীয় মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে এগিয়ে যাবে।
ঝড়টির প্রভাবে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডা প্যানহ্যান্ডেল এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েদার প্রেডিকশন সেন্টার শুক্রবার ও শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।
মেক্সিকো উপসাগরের পানির তাপমাত্রাও উদ্বেগজনক ভাবে বাড়াচ্ছে। ১৯৮২ সালের পর বর্তমানে উপসাগরের পানির তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। উষ্ণ সমুদ্রের পানি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
ইসাইয়াসের সম্ভাব্য শক্তি বৃদ্ধি এবং গতিপথের কারণে ফ্লোরিডাসহ উপকূলীয় এলাকাগুলোতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ঝড়ের আগেই স্টেইটে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
আটলান্টিক মহাসাগরের হারিকেন মৌসুম প্রতিবছর ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলে। সাধারণত সেপ্টেম্বর এ মৌসুমের সবচেয়ে সক্রিয় সময় হলেও, গত সেপ্টেম্বর কোনো হারিকেন ছাড়াই শেষ হয়েছে—যা ৩২ বছরের মধ্যে প্রথমবারের ঘটনা।