আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও কাতারের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিয়ে আলোচনায় দোহা সফর করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। মঙ্গলবার তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন।
দোহার রাজকীয় আমিরি দিওয়ান থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে দুই নেতা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা কমানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সম্প্রতি হরমুয প্রণালী উন্মুক্ত করতে ইরানের দেয়া সাত দিনের পরিকল্পনা নিয়ে মধ্যস্ততার মূখ্য ভূমিকা পালন করছে কাতার। জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে ট্রাম্প প্রশাসনের সাথে ইরানি প্রতিনিধি দলের কূটনৈতিক আলোচনার সমন্বয় করে দোহা। সাম্প্রতিক এই আলোচনায় ওয়াশিংটনের দেয়া প্রতিক্রিয়ার জবাব জানাতে ইরানি স্বরাষ্ট্রমন্ত্রীর এই কাতার সফর বলে ধারণা বিশ্লেষকদের।
দুদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, ইরানের দেয়া সাত দিনের পরিকল্পনার জবাবে ট্রাম্প প্রশাসনের পাঠানো প্রতিক্রিয়ায় সংযুক্ত বক্তব্য জানাবে তেহরান। এরপরই মধ্যস্ততাকারী দেশ কাতার সফর করলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।