পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২১) জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অ্যামেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা প্রক্রিয়াটি পরিচালনায় সহায়তা করবে।
লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ায় ইরানের সামরিক বাহিনী আজ শনিবার হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দেওয়ার পর এই বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার উদ্দেশ্য হলো ১৪ দফা সমঝোতা স্মারকে অর্জিত সমঝোতাগুলোকে আরও এগিয়ে নেওয়া।
এর আগে সুইজারল্যান্ডে গত শুক্রবার আলোচনা হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।
ওই সময় হোয়াইট হাউস জানিয়েছিল, বৈঠকের ব্যবস্থাপনাগত বিষয়গুলো তাদের কাছে পূর্বানুমানযোগ্য ছিল না।
হোয়াইট হাউসের এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগে, হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবাননের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে লেবাননে ইসরায়েলি বিমান হামলার কারণে ওই আলোচনা স্থগিত করা হয়েছে।