সুইজারল্যন্ডের বুর্গেনস্টকে আজ (রোববার) স্থানীয় সময় দুপুর ১টায় ইরান ও অ্যামেরিকার নতুন দফার বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এ দুই দেশ ছাড়াও আলোচনায় অংশ নিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে এসব তথ্য।
কাতারের বিবৃতিতে জানানো হয়, অ্যামেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সব বিষয় নিয়ে চূড়ান্ত চুক্তির শর্ত নির্ধারণে বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
একইসঙ্গে সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি, অগ্রগতি মূল্যায়ন এবং চূড়ান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যে পৃথক ফলো-আপ দলও গঠন করা হয়েছে। এসব পদক্ষেপ আলোচনাকে সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, চলমান বৈঠকগুলো একটি ব্যাপক, টেকসই ও দীর্ঘমেয়াদি চুক্তি অর্জনের পথ সুগম করবে, যা সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সব বিষয়কে অন্তর্ভুক্ত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, কাতার, পাকিস্তান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে, যাতে আলোচনার জন্য একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা যায়।
সংলাপ ও কূটনীতিক প্রচেষ্টাকে সংঘাত নিরসন এবং বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম উপায় হিসেবে উল্লেখ করে কাতার জানায়, আলোচনার সফল পরিণতির লক্ষ্যে তারা তাদের মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।