অ্যামেরিকার সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তী চুক্তির নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ রবিবার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজকে দেওয়া বক্তব্যে ঘালিবাফ বলেন, অ্যামেরিকা সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে একতরফা শর্ত চাপিয়ে দেওয়া এবং কূটনৈতিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরান একটি প্রস্তাব দিয়েছিল। এতে সাতটি শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর কথা বলা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, অ্যামেরিকার প্রস্তাবের বেশিরভাগই আগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে পরমাণু ইস্যুতে। তিনি বলেন, তেহরানের প্রধান গুরুত্ব এখন হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে। তবে ওয়াশিংটনের সবশেষ প্রস্তাবের ওপর ইরানের কিছু পর্যালোচনাসহ অতিরিক্ত বক্তব্য মধ্যস্ততাকারীদের মাধ্যমে পাঠানো হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান কূটনৈতিক সমাধান চায়। তবে অ্যামেরিকা আবার সামরিক পদক্ষেপ নিলে ইরান আগের চেয়ে আরো শক্তিশালীভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথ ঘিরে ইরান ও অ্যামেরিকার মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই তেহরান এ অবস্থান জানাল।