আফগানিস্তানে বিচ্ছিন্ন ইন্টারনেট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০ ২০২৫, ২০:০৬

আফগানিস্তানের কাবুলে ইন্টারনেট-বিচ্ছিন্নতার মধ্যে মঙ্গলবার গুগল ব্যবহারের চেষ্টা করেন এক ব্যক্তি। ছবি: সায়েদ হাসিব/রয়টার্স

আফগানিস্তানের কাবুলে ইন্টারনেট-বিচ্ছিন্নতার মধ্যে মঙ্গলবার গুগল ব্যবহারের চেষ্টা করেন এক ব্যক্তি। ছবি: সায়েদ হাসিব/রয়টার্স

  • 0

ইন্টারনেট বন্ধের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি তালেবান নেতৃত্বাধীন প্রশাসন, যাদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি রয়টার্স।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান দেশজুড়ে সাধারণ ইন্টারনেট সংযোগ ও মোবাইল ফোনের ডেটা সার্ভিস বন্ধের নির্দেশ দিয়েছে বলে মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে একাধিক সূত্র।

কূটনৈতিক ও শিল্প সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, আফগান নাগরিক ও তদারকি সংস্থাগুলো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতার কথা জানিয়েছেন। এর ফলে ব্যাহত হয়েছে ফ্লাইট ও আর্থিক সেবাপ্রাপ্তি।

ইন্টারনেট বন্ধের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি তালেবান নেতৃত্বাধীন প্রশাসন, যাদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি রয়টার্স।

এমন বাস্তবতায় ইন্টারনেট সংযোগ পুরোপুরি ফিরিয়ে আনতে আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

অতীতে অনলাইন পর্নোগ্রাফির বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছিল তালেবান। কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যার পেছনের কারণ হিসেবে নৈতিক উদ্বেগকে দেখিয়েছেন কর্মকর্তারা।

উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে পুরো আফগানিস্তানকে বহির্বিশ্ব থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আফগান জনগণের উল্লেখযোগ্য ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।

দেশের পূর্বাঞ্চলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি, প্রতিবেশী দেশগুলো থেকে বিতাড়িত লাখ লাখ শরণার্থী এবং উত্তরাঞ্চলে খরার মতো সমস্যা মোকাবিলা করছে আফগানিস্তান।

তালেবানের নির্দেশনা

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানে মোবাইল ফোন সেবাদাতা একটি প্রতিষ্ঠান জানায়, ‘সংবেদনশীল ও জটিল পরিস্থিতি’ সামলে উঠতে অন্য সেবাদাতাদের সঙ্গে কাজ করছে তারা।

কোম্পানিটি আরও জানায়, তারা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলছেন। যত দ্রুত সম্ভব সব টেলিযোগাযোগ কোম্পানি তাদের সেবা পুনরায় শুরুর অনুমোদন পাবে বলে আশা করছে তারা।