লুইজিয়ানা স্টেইটে পুলিশ কর্মকর্তার মুখে রাসায়নিক পদার্থ ছুড়ে এক কারাবন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বারউইক পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, পলাতক ওই আসামির নাম সিসিল মাইকেল স্ট্র্যাটন।
৪৬ বছর বয়সী এ অভিযুক্ত বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে পালিয়ে যান।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বন্দিদের কারাকক্ষে ফেরত পাঠিয়ে তালা দেওয়ার সময় ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বন্দিদের কারাকক্ষে অবস্থান নিশ্চিত করার সময় কয়েকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন সিসিল ও তার সঙ্গী। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তার মুখে রাসায়নিক পদার্থ ছুড়ে মেরে তারা দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া করে সঙ্গীকে ধরতে পারলেও কৌশলী সিসিল পালাতে সক্ষম হন।
সিসিলের বিরুদ্ধে স্বেচ্ছায় হত্যাচেষ্টা, চুরি, গাজার অবৈধ কারবার, অবৈধভাবে সম্পদ দখলসহ বেশ কয়েকটি মামলা আছে।
ইতোপূর্বে নর্থ লুইজিয়ানার কারাগার থেকে পালানোর রেকর্ড আছে সিসিলের।
কেউ এ পলাতক বন্দির অবস্থান সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।