আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তবে মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময়ে গ্যাস সরবরাহ কিছুটা কমতে পারে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
এর প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে পেট্রোবাংলার নজরে এসেছে।
সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো ঘটনা ঘটছে না। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।