সিঙ্গাপুরের হাসপাতালে দর্শনার্থীর শ্লীলতাহানি, ভারতীয় নার্সের কারাদণ্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫ ২০২৫, ২২:৫২ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২৩:১০

হাসপাতালের একটি কক্ষের প্রতীকী চিত্র। ছবি: এনডিটিভি

হাসপাতালের একটি কক্ষের প্রতীকী চিত্র। ছবি: এনডিটিভি

  • 0

আদালতের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজেন ফুয়া জানান, গত ১৮ জুন দাদাকে দেখতে নর্থ ব্রিজ রোডের হাসপাতালটিতে ছিলেন ভুক্তভোগী। তার দাদা হাসপাতালটিতে ভর্তি ছিলেন।

দর্শনার্থীর শ্লীলতাহানির অভিযোগ স্বীকার করার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালের ভারতীয় এক স্টাফ নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাকে দুবার বেত্রাঘাতের আদেশও দিয়েছেন বিচারক।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই শনিবার জানায়, চলতি বছরের জুনে র‌্যাফলস হসপিটালে কর্মরত ৩৪ বছর বয়সী এলিপে সিভা নগু পুরুষ এক দর্শনার্থীর শ্লীলতাহানি করেন।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, ‘জীবাণুমুক্ত’ করার কথা বলে দর্শনার্থীর শ্লীলতাহানি করেন নগু।

ওই অপরাধের পর নগুকে নার্সের দায়িত্ব থেকে অস্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়।

আদালতের শুনানিতে বলা হয়, নগুর অপরাধ ভুক্তভোগীকে অতীতের বেদনাদায়ক অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়।

ভুক্তভোগীর বয়সসহ বিস্তারিত পরিচয় আদালতের নথিগুলো থেকে বাদ দেওয়া হয়েছে।

আদালতের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজেন ফুয়া জানান, গত ১৮ জুন দাদাকে দেখতে নর্থ ব্রিজ রোডের হাসপাতালটিতে ছিলেন ভুক্তভোগী। তার দাদা হাসপাতালটিতে ভর্তি ছিলেন।

ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভুক্তভোগী রোগীদের টয়লেটে ঢোকেন। ওই সময় ভেতরে তাকিয়ে দেখেন নগু।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফুয়া জানান, ভুক্তভোগীকে ‘জীবাণুমুক্ত’ করার ছলে তার হাতে সাবান রাখেন নগু। একই সঙ্গে রোগী দেখতে আসা ব্যক্তিকে হেনস্তাও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় নিশ্চল হয়ে যান ভুক্তভোগী।

ওই ঘটনার পর দাদার শয্যাপাশে চলে যান দর্শনার্থী। এরপর কী হয়েছিল, তা আদালতের নথিগুলোতে প্রকাশ করা হয়নি, তবে এ ঘটনায় মামলা হয় ২১ জুন, যার দুই দিন পর নগুকে গ্রেপ্তার করা হয়।

আদালত শুক্রবার নগুকে ১৪ মাসের সাজা ও দুটি বেত্রাঘাতের আদেশ দেয়।