জম্মু-কাশ্মীর নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির গৃহীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে সংস্থাটিকে ব্যবহার করে পাকিস্তান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে গৃহীত প্রস্তাবে ভারত সম্পর্কে করা মন্তব্য বিদ্বেষপূর্ণ, পক্ষপাতদুষ্ট ও মিথ্যা। পাকিস্তান নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ওআইসিকে ব্যবহার করছে বলেও অভিযোগ করে ভারত।
বিবৃতিতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বলা হয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার ওআইসির নেই।
ভারতের অভিযোগ, পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে বেসামরিক বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। এ ছাড়া সংখ্যালঘু নিপীড়ন, সাম্প্রদায়িক সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতেই পাকিস্তান ওআইসির প্রস্তাবে ভারতবিরোধী বক্তব্য যুক্ত করেছে।
বিবৃতিতে পাকিস্তানকে জম্মু-কাশ্মীরের দখলে থাকা অঞ্চল ছেড়ে দেওয়া এবং সীমান্তপারের সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পাকিস্তানের বক্তব্যকে সমর্থন দেওয়ায় ওআইসির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত।