ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
- 0


প্রকাশিত: মে ২৬ ২০২৬, ১৩:৩৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, বাংলাদেশে ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। ঈদকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) জাতীয় ঈদগাহ প্রাঙ্গন পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ বছরও র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
র্যাবের সব সদস্য ঈদের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে এবং সব ব্যাটালিয়ন তাদের নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে।
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে প্রধান প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়াও দেশের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে, ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সে আলোকে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, ঈদে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে। কিছু ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও হেভি ফুয়েল অয়েল বা ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যাতে চাহিদা বেশি হলে পূরণ করা সম্ভব হয়। আমাদের পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা রয়েছে। সুতরাং ঈদের সময় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।'
