ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, অ্যামেরিকার সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা কঠিন হলেও তা সম্ভব।
তেহরানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় ও জানাজায় অংশ নিতে আসা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান মুহাম্মদ ইসমাইল দারবিশের সঙ্গে বৈঠকে গালিবাফ এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
গালিবাফ বলেন, অ্যামেরিকার সঙ্গে ইরানের কোনো শান্তি চুক্তি হয়নি এবং তেহরান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। একই সঙ্গে তিনি তথাকথিত ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর প্রতি তেহরানের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইরান মধ্যপ্রাচ্যের যেসব সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে, তাদের বোঝাতে ‘প্রতিরোধ ফ্রন্ট’ শব্দটি ব্যবহার করে।
গালিবাফের ভাষ্য, প্রয়োজন হলে এই সমর্থন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেওয়া হয়, আর রাজনৈতিক চাপের প্রয়োজন হলে তা আলোচনার মাধ্যমে প্রয়োগ করা হয়।
আইআরআইবির খবরে আরও বলা হয়, গালিবাফ বলেছেন, খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে জেরুজালেম মুক্তির মাধ্যমে।
গত মাসে ইরান ও অ্যামেরিকার মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা চুক্তিতে নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে চুক্তিতে ইরানের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কিংবা দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে কোনো উল্লেখ নেই।