ইরানে জনগণের আনুগত্য ধরে রাখতে এবং সম্ভাব্য ভিন্নমত ও বিক্ষোভ দমনে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে দেশটির ধর্মীয় শাসকগোষ্ঠী। অনলাইন কনসার্টে হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় এক নারী শিল্পীকে বেত্রাঘাতের মাধ্যমে অন্যদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ সূত্র।
২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইযরায়েলের হামলার পর তৈরি হওয়া যুদ্ধের অর্থনৈতিক চাপ, জনঅসন্তোষ এবং সরকারবিরোধী বিক্ষোভের আশঙ্কায় শাসকগোষ্ঠীর কট্টরপন্থীরা এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের গায়িকা পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার বেত্রাঘাতের ঘটনা সামনে এনেছে শাসকগোষ্ঠীর ভেতরের রাজনৈতিক হিসাব-নিকাশ। গত সোমবার তাদের এই শাস্তি দেওয়া হয়। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত একটি কনসার্টের ভিডিওকে কেন্দ্র করে এ দণ্ড কার্যকর করা হয়।
শিয়া মুসলিমদের পবিত্র শহর কোমের কাছের একটি রেস্তোঁরায় আয়োজিত ওই অনুষ্ঠানে হিজাব ছাড়াই গান পরিবেশন করেছিলেন আহমাদি, যখন তার শরীরের ঊর্ধাংশও অনেকটা অনাবৃত ছিলো।
ধর্মীয় শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ দুই ব্যক্তি জানিয়েছেন, এই শাস্তির মাধ্যমে সম্ভাব্য ভিন্নমতাবলম্বীদের সতর্ক করার পাশাপাশি শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে কট্টরপন্থীদেরও সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে শীর্ষ নেতৃত্বের কট্টরপন্থীরা এ সিদ্ধান্তের পক্ষে থাকলেও মধ্যপন্থী কর্মকর্তারা এর বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপে মানুষের ক্ষোভ বাড়বে এবং দেশের ভেতরে বিভেদ তৈরি হবে।
সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেযেশকিয়ানের এক মন্তব্যকে ঘিরে এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে, তিনিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আলোচিত ওই বক্তব্যে ইরানি প্রেসিডেন্ট, নাগরিকদের মত প্রকাশ ও স্বাধীন ব্যক্তি অধিকারের ওপর জোর দেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানি নারীদের পোশাকবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তবে ২০২২ সালে পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর পর থেকে অনেক নারী প্রকাশ্যেই হিজাববিধি অমান্য করছেন এবং এতে কট্টরপন্থীদের অসন্তোষ বাড়ছে। শাস্তির মুখেও শিল্পীরা একে অপরের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ইরানের গায়িকা সাবা রোবাটযাজির মতে, একজন শিল্পীর ওপর দমন-পীড়ন চালানো হলে অন্যরাও প্রতিবাদে সোচ্চার হবেন।
এদিকে আমেরিকা ও ইযরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। এর মধ্যে গত শীতের বিক্ষোভের বার্ষিকী ঘিরে এ বছর নতুন করে সরকারবিরোধী আন্দোলনের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে কট্টরপন্থীরা সমর্থকদের সরকারপন্থী সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক অ্যালেক্স ভাতাঙ্কার মতে, সামনে কঠিন শীতের আশঙ্কা করছে ইরানি কর্তৃপক্ষ এবং যুদ্ধ আরো কয়েক মাস চলতে পারে—এমন উদ্বেগও রয়েছে। তাই সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে কঠোর শাস্তির মাধ্যমে মানুষকে ঘরে রাখার চেষ্টা হিসেবে সরকার এই পদক্ষেপ নিতে পারে।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরানের উপপরিচালক স্কাইলার থম্পসনের মতে, ইরানের নারীরা আগের অবস্থায় ফিরে যেতে চান না এবং প্রতিদিনের জীবনে নানা বাধা ও অধিকার লঙ্ঘনের মুখেও নিজেদের মতো করে চলার চেষ্টা করছেন।
ইরান সরকার দাবি করছে, দেশটির বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে এবং এসব শাস্তির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে মানবাধিকারকর্মীদের অভিযোগ, নারীদের দৈনন্দিন জীবন ও মতপ্রকাশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বৃহত্তর প্রচেষ্টারই অংশ হিসেবে এসব শাস্তি দেওয়া হচ্ছে।