নিউ জার্সিতে দুই ছেলে সন্তানকে হত্যার অভিযোগে ভারতীয়-অ্যামেরিকান অভিবাসী মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভি জানায়, সন্তান হত্যাকারী ওই মা হলেন প্রিয়াথারসিনি নতরাজন(৩৫)।
স্টেইটের হিলবোরো এলাকায় মঙ্গলবার নতরাজন তার ৫ ও ৭ বছর বয়সী দুই সন্তানকে হত্যা করেন।
সামারসেট কাউন্টি প্রসিকিউটর জন ম্যাকডনাল্ড বুধবার এক বিবৃতিতে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জরুরি নম্বরে কল করেন ভুক্তভোগীদের বাবা।
সন্তান হারানো ওই বাবা জানান, কাজ থেকে বাড়ি ফেরার পর তিনি তার দুই ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ অবস্থার জন্য তার স্ত্রী দায়ী বলেও পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী দুজনকে বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
চিকিৎসক ও পুলিশ সেখানে তাদেরকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় মা নতরাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে হিলসবোরো পুলিশ। তাকে সামারসেট কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।
সন্দেহভাজনের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা ও অবৈধ উদ্দেশে অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে ।
ম্যাকডনাল্ড জানান, ঘটনাটি হিলসবোরো টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা কর্মকর্তা, সামারসেট কাউন্টি প্রসিকিউটর অফিসের প্রধান অপরাধ তদন্ত বিভাগ ও নিউজ জার্সি নর্দার্ন মেডিক্যাল এক্সামিনার অফিস কর্তৃপক্ষ কর্তৃক তদন্তাধীন।
ময়নাতদন্তের পর হত্যার কারণ ও বিস্তারিত জানানো হবে।