ইরানের পার্লামেন্ট স্পিকার এক হুঁশিয়ারি বার্তায় বলেছেন, অ্যামেরিকান নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরান যদি তেল বিক্রি করতে না পারে; তবে আঞ্চলিক অন্য কোনো দেশও রপ্তানি করতে পারবে না।
মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
এসময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেন ইরানি এই শীর্ষ কূটনীতিক। ফাঁকা বুলি বা অবরোধ দিয়ে ইরানকে দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। জাতিংসংঘের অধিবেশনে দেয়া ট্রাম্পের ভাষণের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্পের বক্তব্যই প্রমাণ করে যে, তাদের আচরণের কোনো পরিবর্তন হয়নি।
হুমকি-ধমকির দিন শেষ মন্তব্য করে ঘালিবাফ বলেন, কোনো ধরনের আগ্রাসন বা ভুল পদক্ষেপ নিলে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও দ্রুত।
তিনি বলেন, ‘অ্যামেরিকানরা জেনে রাখুক যে, এই সভ্য জাতিকে ধ্বংস করার হুমকি ও ভয় দেখানোর দিন শেষ হয়ে গেছে। হোয়াইট হাউযের কর্মকর্তাদের বোঝা উচিত যে, ইরানের জ্ঞানী ও পথপ্রদর্শক জাতি কেবল ফাঁকা বুলি কিংবা আকাশ ও বাণিজ্য অবরোধের কারণে কখনোই পিছপা হবে না।’