Skip to main content

পাইলট কর্মসূচি
অ্যামেরিকায় সাময়িক ভিসার আবেদনে লাগবে সর্বোচ্চ ১৫ হাজার ডলার বন্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪ ২০২৫, ২১:১১ হালনাগাদ: জুন ২৩ ২০২৬, ২২:১০

ডিপার্টমেন্ট অব স্টেইটের সাইনবোর্ড। ছবি: ইয়োনহাপ

ডিপার্টমেন্ট অব স্টেইটের সাইনবোর্ড। ছবি: ইয়োনহাপ

  • 0

ভিসা ইস্যুর শর্ত হিসেবে এ বন্ড দিতে হবে বলে সোমবার স্টেইট ডিপার্টমেন্টের এক বিধিতে জানানো হয়েছে।

অ্যামেরিকা ১২ মাসের একটি পাইলট কর্মসূচি শুরু করবে, যার আওতায় ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে সাময়িক ভিসার জন্য আবেদনকারীকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে।

ভিসা ইস্যুর শর্ত হিসেবে এ বন্ড দিতে হবে বলে সোমবার স্টেইট ডিপার্টমেন্টের এক বিধিতে জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়োনহাপ নিউজ জানায়, ফেডারেল স্টেইট ডিপার্টমেন্ট ফেডারেল রেজিস্টারে বিধিটি পোস্ট করে।

পাইলট কর্মসূচিটি নেওয়া হবে ব্যবসায়িক উদ্দেশ্যে বি-১ ভিসা এবং পর্যটনের জন্য বি-২ ভিসার আবেদনকারীদের জন্য। এটি বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে ২০ আগস্ট।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব দেশের নাগরিকদের অ্যামেরিকায় থাকার হার বেশি বলে চিহ্নিত করেছে স্টেইট ডিপার্টমেন্ট, সেসব দেশ এ বিধির আওতায় পড়তে পারে। এ ছাড়া যেসব দেশে আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের তথ্য অপ্রতুল মনে হয়, সেগুলোও বন্ডের শর্তে পড়তে পারে।

কর্মসূচিটি বাস্তবায়নের ক্ষেত্রে অ্যামেরিকার কনস্যুলার কর্মকর্তাদের বন্ডের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে তিনটি বিকল্প-পাঁচ হাজার, ১০ হাজার কিংবা ১৫ হাজার ডলার-দেওয়া হবে।

স্টেইট ডিপার্টমেন্টের মতে, কোনো বিদেশির কাছ থেকে কী পরিমাণ অর্থ রাখলে তিনি মেয়াদের বেশি সময় অ্যামেরিকায় থাকবেন না, সেটি ঠিক করবেন কর্মকর্তারা।

সঠিক সময়ে অ্যামেরিকা ছাড়াসহ শর্তগুলো মানলে যেকোনো ভিসাধারীকে বন্ড হিসেবে প্রদান করা অর্থ ফেরত দেওয়া হবে।

কর্মসূচি বাস্তবায়ন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে এর আওতায় পড়া দেশগুলোর নাম ঘোষণার পরিকল্পনা নিয়েছে স্টেইট ডিপার্টমেন্ট।

কর্মসূচি চলাকালে দেশগুলোর তালিকায় সংশোধনীও আসতে পারে।