প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন যে, তেহরান কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে যদি নতুন কোনো উস্কানি না আসে, তবে তিনি ইরানের ওপর সম্ভাব্য হামলা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছেন। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল একাধিক সূত্রের বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইযরায়েলকে সঙ্গে নিয়ে শুরু হওয়া এই সংঘাত কীভাবে সমাধান করা যায়—তা নিয়ে ডনাল্ড ট্রাম্প কখনো কঠোর হুংকার দিচ্ছেন, আবার কখনো সংঘাত কমিয়ে আনার কথা বলছেন। বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলছেন, এই সংঘাতের বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাননি।

তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং বেশ কিছু গোয়েন্দা ব্রিফিংয়ের পর তিনি হামলা থেকে সাময়িক বিরত থাকার কথা ভাবছেন বলে জানা গেছে। পাশাপাশি, অঞ্চলের যেসব মিত্র দেশ তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে না জড়ানোর অনুরোধ জানিয়েছে, তাদের প্রতিও তিনি সহানুভূতি প্রকাশ করেছেন।
গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটি এখনই শেষ করতে পারতাম, তবে যে দেশগুলোকে আমি রক্ষা করতে চাই তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ ও কিছুটা শান্তিপূর্ণ উপায়ে এটি করছি।’
হোয়াইট হাউযের একজন কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী, যিনি সমস্ত নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন এবং সবসময় অ্যামেরিকার স্বার্থ সুরক্ষা নিশ্চিত করবেন। হরমুয প্রণালীর ওপর নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি পতনের মুখে থাকায় ইউএস বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।’
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহের মধ্যে টেলিফোন আলাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইরানের ওপর পুনরায় হামলা না চালানোর জন্য ট্রাম্পকে অনুরোধ জানান।
এর আগে গত ৩১ অক্টোবরেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ট্রাম্প নির্বাচন পরবর্তী হামলার পরিকল্পনার কথা জানালে, যুবরাজ অর্থনৈতিক নিষেধাজ্ঞার কার্যকারিতার কথা তুলে ধরে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।