নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট: রাতে নাশকতা, দিনে স্বাভাবিক ঢাকা
- 0

প্রকাশিত: নভেম্বর ১০ ২০২৬, ১১:২৬

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যেও রাজধানী ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অভ্যন্তরীণ সব রুটে গণপরিবহন চলাচল করছে। তবে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার সকাল থেকে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের নিয়মিত টহল কার্যক্রম চলছে। ফার্মগেট ও তেজগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। সব ধরনের যানবাহন চলাচল করছে। কয়েকটি স্থানে অতিরিক্ত পুলিশ রয়েছে। আমরা নজরদারি বাড়িয়েছি।’
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের নিয়মিত টহল কার্যক্রম চলছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার গুলিস্তান থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করছে। গুলিস্তান থেকে শাহবাগ হয়ে গাবতলী ও মিরপুর রোডে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। একইভাবে গুলিস্তান থেকে রামপুরা, বাড্ডা হয়ে উত্তরাগামী সড়কেও যানবাহন চলাচল করতে দেখা গেছে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, গত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মঙ্গলবার সকাল থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, শাহবাগ, ধানমন্ডি ও নিউমার্কেটসহ বিভাগের অন্যান্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা প্রতিরোধে প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের টহল ও অন্যান্য অভিযানমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পাশাপাশি বাসসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গত রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় ফার্মগেট, মিরপুর ও পোস্তগোলায় যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া টিএসসি, বনানী পুলিশ ফাঁড়ি, বাংলা কলেজ ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিসহ রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ধারাবাহিক এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়।

