আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও নিয়মহীনভাবে স্থানীয় অভিবাসী আটকের অভিযোগ উঠেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের বিরুদ্ধে।
কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে অঞ্চলটিতে বসবাসরত লাতিনো অভিবাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে জানা গেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়,অক্টোবরের শুরুতে হোয়াইট হাউসের দেওয়া এক নির্দেশেই এ অভিযান চালানো হয়। হাতে পাওয়া একটি অভ্যন্তরীণ ইমেইল বার্তা পর্যালোচনা করেও এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
এ বছর মধ্যবর্তী নির্বাচনে ২২ তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট আসন থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থী হয়েছেন ডেভিড ভালাদাও। তিনি ছয়বারের নির্বাচিত কংগ্রেস প্রতিনিধি। অন্যদিকে, ভালদাওয়ের বিপরীতে নির্বাচনী ভোটে এবার এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী র্যান্ডি ভিলেগাস।
হাউস অব রিপ্রেজেনটেটিভসে দলভারী করতে গুরুত্বপূর্ণ এ আসনটির অন্তর্ভুক্ত বেকার্সফিল্ডের ৭৩ শতাংশ বাসিন্দা হলেন লাতিনো অভিবাসী। তাদের অনেকে আমেরিকার বৈধ নাগরিক ও ভোটার।
এ পরিস্থিতিতে, আইস কর্তৃক উপর্যুপুরি গ্রেপ্তারে ভোট দিতে যেতে আতঙ্ক অনুভব করছেন স্থানীয় এ অভিবাসীরা।