একজন নারীকে ধরে নিয়ে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি আদালতের ফ্লোরে ঠেলে দেওয়া ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার একটি ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় আইউইটনেস নিউজ।
সংবাদমাধ্যমটি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, নিউ ইয়র্ক সিটির নির্বাচিত কয়েকজন কর্মকর্তা আইসের ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত দাবি করছেন।
তাদের ভাষ্য, ওই কর্মকর্তাকে বরখাস্ত করাই যথেষ্ট নয়। ওই ভিডিওতে তার কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
ঘটনাটি কবে ঘটেছে, সে বিষয়ে কিছু না জানিয়ে আইউইটনেস নিউজের খবরে উল্লেখ করা হয়, এটি ২৬ ফেডারেল প্লাজার হলওয়েতে ঘটে। ভবনটিতে নিউ ইয়র্কের বাসিন্দা হাজারো অভিবাসীকে অমানবিক পরিবেশে রাখা হয়েছে বলে দাবি করেছেন অনেক রাজনীতিবিদ।
ভিডিওতে দেখা যায়, ইকুয়েডরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছিল ফেডারেল এজেন্টদের। অভিবাসীর আতঙ্কিত পরিবার তাকে গ্রেপ্তার না করার আকুতি জানাচ্ছিল।
অভিবাসীকে হেফাজতে নেওয়ার পর তার স্ত্রী আইসের একজন কর্মকর্তার মুখোমুখি হন। সেই কর্মকর্তা অভিবাসীর স্ত্রীকে ধরে ফ্লোরে শুইয়ে ফেলেন।
নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি শুক্রবার বিকেলে এ ঘটনার প্রতিবাদ জানান।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা আইসের এজেন্টের কর্মকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেছেন, বিষয়টির তদন্ত চলছে। তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ব্রুকলিনের কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান বলেন, আইস কর্মকর্তাকে শুধু অব্যাহতি দেওয়া যথেষ্ট নয়।