আদালতের আদেশ অমান্য করে কলেজ শিক্ষার্থীকে বিতাড়িত করল আইস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২৫, ১২:০৫ হালনাগাদ: ডিসেম্বর ২৮ ২০২৫, ১৩:৩০

মাত্র ৭ বছর বয়সে অ্যামেরিকায় আসেন ১৯ বছর বয়সী লুসিয়া লোপেজ বেলোজার। ছবি: এপি

মাত্র ৭ বছর বয়সে অ্যামেরিকায় আসেন ১৯ বছর বয়সী লুসিয়া লোপেজ বেলোজার। ছবি: এপি

  • 0

বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের  এ সিকিউরিটি পার হওয়ার পর তাকে জানানো হয় তার বোর্ডিং পাসে সমস্যা রয়েছে।

পরিবারকে থ্যাংকসগিভিং-এ চমক দেওয়ার পরিকল্পনা করেছিলেন কলেজ ফ্রেশম্যান শিক্ষার্থী লুসিয়া লোপেজ বেলোজা। পরিকল্পনা অনুযায়ী, বোস্টন থেকে টেক্সাসে আসছিলেন ১৯ বছর বয়সী লুসিয়া। তবে আদালতের আদেশ অমান্য করে তাকে হন্ডুরাসে বিতাড়িত করা হয়েছে বলে দাবি করেছেন তার অ্যাটর্নি।

বার্তা সংস্থা এপি জানায়, ব্যাবসন কলেজের শিক্ষার্থী লুসিয়া গত ২০ নভেম্বর বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এ সিকিউরিটি পার হওয়ার পর তাকে জানানো হয় তার বোর্ডিং পাসে সমস্যা রয়েছে। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। দুই দিনের মধ্যে প্রথমে টেক্সাস ও পরে হন্ডুরাসে পাঠিয়ে দেন মাত্র ৭ বছর বয়সে অ্যামেরিকায় আসা এই তরুণীকে।

লুসিয়া লোপেজ বেলোজার অ্যাটর্নি টড পোমারলু বলেন, ‘সে পুরোপুরি ভেঙে পড়েছে। তার কলেজ জীবনের স্বপ্ন এখন ধ্বংস হয়ে গেছে।’

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের (আইসের) তথ্য অনুযায়ী, ২০১৫ সালে একটি ইমিগ্রেশন জাজ লুসিয়াকে বিতাড়নের আদেশ দেন। তবে পোমারলুর দাবি, লুসিয়া এমন কোনো রিমুভাল অর্ডারের বিষয়ে জানতেন না, এবং তার পাওয়া একমাত্র রেকর্ড অনুযায়ী, তার কেস ২০১৭ সালে বন্ধ করা হয়।

পোমারলু বলেন,’তাদের অভিযোগ অনুযায়ী, দশ বছর আগে যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে লুসিয়ার কোনো সম্পর্ক নেই। তবুও তাকে দায়ী করা হচ্ছে। এমনকি প্রশাসন কোনো প্রমাণও দেখাচ্ছে না।’

আটক হওয়ার পরপরই একজন ফেডারেল বিচারক জরুরি আদেশ জারি করেন। যেখানে বলা হয়, লুসিয়াকে অন্তত ৭২ ঘণ্টার জন্য ম্যাসাচুসেটস বা অ্যামেরিকার বাইরে নেওয়া যাবে না।

তবে এই আদেশ ভঙ্গের বিষয়ে আইসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ব্যাবসন কলেজ কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে লুসিয়া হন্ডুরাসে তার দাদু-দাদীর সঙ্গে রয়েছেন। তিনি বোস্টন গ্লোব-কে বলেন,’আমি প্রথম সেমিস্টারের পড়াশোনার কথা আমার বাবা-মা ও ছোট বোনদের বলার জন্য উন্মুখ ছিলাম। এটি ছিল আমার স্বপ্ন। আমি সবকিছু হারিয়ে ফেলছি।’