পারফিউম বোতলের কারণে ৪ সপ্তাহ আইসের হাতে বন্দি, ভিসা বাতিল

টিবিএন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪ ২০২৫, ৮:২৪

পুলিশের বডিক্যামে ধরে পড়ে রঘুকে আটকের ফুটেজ। ছবি: এনডিটিভি
- 0
আইস অফিসাররা তাকে হেফাজতে নেয় এবং লুইজিয়ানার একটি ফেডারেল ইমিগ্রেশন সুবিধায় পাঠায়, যেখানে তাকে ৩০ দিনের জন্য আটক রাখা হয়।
সবাই কম বেশি পারফিউম ব্যবহার করে থাকি। তবে কে জানত এই পারফিউমের বোতল হয়ে উঠতে পারে কারো জেলে যাওয়ার কারণ। তবে এমনটাই হয়েছে, অ্যামেরিকায় বসবাসকারী ভারতীয় নাগরিক কপিল রঘুর সাথে।
দ্য গার্ডিয়ান জানায়, অ্যামেরিকায় বসবাসকারী রঘুর গাড়িতে থাকা পারফিউমের বোতলকে ভুলভাবে অবৈধ মাদক হিসেবে চিহ্নিত করে পুলিশ। যার জেরে এক মাস আটক রাখা হয় তাকে।
গত ৩ মে আরকানসাসের বেন্টনে পুলিশ রঘুকে ছোটখাটো ট্রাফিক লঙ্ঘনের জন্য থামায়। এসময় অফিসাররা ‘আফিম’ লেবেলযুক্ত একটি ছোট পারফিউমের বোতল খুঁজে পান এবং ধরে নেন যে এতে নিষিদ্ধ মাদক রয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রঘু অফিসারদের বার বার ব্যাখ্যা করেন এটি কেবল একটি ব্র্যান্ডেড পারফিউম। তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) তাকে প্রায় চার সপ্তাহ ধরে আটকে রাখে।
রঘুর আইনজীবী মাইক লক্স বলেছেন, গ্রেপ্তারটি একটি ভুল বোঝাবুঝির ভিত্তিতে করা হয় এবং অভিযোগগুলো প্রত্যাহার করা হয়েছে। পুলিশের বডিক্যামের ফুটেজে দেখা যাচ্ছে যে অফিসাররা রঘুকে মাদক রাখার অভিযোগ করছেন, যখন তিনি স্পষ্ট করার চেষ্টা করছেন যে এটি কেবল সুগন্ধি।
আরকানসাস স্টেট ক্রাইম ল্যাব এই সিদ্ধান্তে পৌঁছায় যে, বোতলে থাকা পদার্থটি আফিম নয়, সুগন্ধি ছিল। তবুও রঘু স্যালাইন কাউন্টি কারাগারে তিন দিন কাটিয়েছেন, যেখানে কর্তৃপক্ষ তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার একটি আইনি ত্রুটি খুঁজে পান।
এক পারফিউমের বোতল এখন রঘুর জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে। অ্যামেরিকান নাগরিক অ্যাশলে মেসকে বিয়ে করেন রাঘু। তিনি অ্যামেরিকান নাগরিকত্বের জন্য চেষ্টা করছিলেন। যা এখন ঝুঁকির মুখে।
আইস অফিসাররা রঘুকে হেফাজতে নেয় এবং লুইজিয়ানার একটি ফেডারেল ইমিগ্রেশন সুবিধায় পাঠায়, যেখানে তাকে ৩০ দিনের জন্য আটক রাখা হয়।
২০ মে বিচারক রঘুর বিরুদ্ধে অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলেও, আইস ডিটেনশন তার স্থায়ী নাগরিক হওয়ার যাত্রায় বাধা সৃষ্টি করে। আইনি ফি এবং মৌলিক খরচ মেটাতে একটি তহবিল সংগ্রহের পেজে মেস জানান, রঘুর কাজের ভিসাও বাতিল করা হয়েছে।
আইনি মামলা বন্ধ হওয়ার পর, রঘু এখন তার ভিসা স্ট্যাটাস পুনঃস্থাপনের জন্য কাজ করছেন। তবে এই ঘটনাটি তার অভিবাসন প্রক্রিয়ায় জটিলতা তৈরি করেছে।
