ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার রাত তিনটা ২৪ মিনিটে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।
বহুল আলোচিত ডাকসু নির্বাচনে মঙ্গলবার দিনভর ভোট গ্রহণ শেষে বুধবার শুরুর সময়ে ফল ঘোষণা আরম্ভ হয়। বিভিন্ন সংবাদমাধ্যম এ ফল তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ করে।
চ্যানেল টোয়েন্টিফোরের লাইভে প্রদর্শিত তথ্য অনুযায়ী, ভিপি ও জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থীরা।
ভোররাত সোয়া চারটার পর প্রদর্শিত ফল অনুযায়ী, শিবির সমর্থিত জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম পান ৯ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান চার হাজার ১৮৭ ভোট।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা পান ১ হাজার ৭৫৪ ভোট।
ডাকসু নির্বাচনের এ ফল বর্জনের ঘোষণা দিয়ে আলোচিত প্রার্থী উমামা ফাতেমা বলেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন।
‘৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’