রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
যুদ্ধে প্রাণ হারানো ওই তরুণ হলেন মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন-এর মাঝিরকোনা গ্রামের সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন। ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন।
পরিবারের দাবি, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
স্বজনরা জানান, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি পরিবার আগে থেকে জানত না।
ছেলের মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, 'ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে—এ কথা আমরা জানতাম না। জানলে কখনোই তাকে সেখানে যেতে দিতাম না।'
একইসঙ্গে এখনো ছেলের মরদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।