মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পর এবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিবারের বিতর্কিত ব্যবসায়িক কর্মকাণ্ড তদন্তের ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে সেনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্র্যাটরা। নির্বাচনের পরপরই ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের সতর্কবার্তা দিতে শুরু করেন ডেমোক্র্যাটরা।
হাউস অব রিপ্রেজেনটেটিভসের ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে লিখেন, ‘আইনজীবী নিয়োগ করুন।’
সেনেটের ফাইন্যান্স কমিটির সম্ভাব্য প্রধান রন ওয়াইডেন লিখেন, ‘তলবের চিঠি (সাবপিনা)।’
রয়টার্সের খবরে উল্লেখ করা হয়, তদন্তের মধ্যে ট্রাম্পের পরিবারের ব্যবসায়িক চুক্তি, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং রিপাবলিকান দলের বড় দাতা ও সরকারি ঠিকাদারদের কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়গুলো আসতে পারে। এ ছাড়া ওষুধের দাম নির্ধারণ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর চুক্তিও খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাটিক নেতারা।
তবে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য তদন্তের সমালোচনা করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, ডেমোক্র্যাটরা ভুয়া তদন্ত ও উগ্র বামপন্থী নীতি অনুসরণ করলে তা আমেরিকান জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে।