অ্যামেরিকার হুমকি বা যুদ্ধাপরাধের আল্টিমেটাম চলতে থাকলে যুদ্ধবিরতি বিষয়ে কোনো আলোচনায় বসবে না তেহরান-এমনটা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যস্থতাকারী তিন দেশ মিশর, পাকিস্তান ও তুরস্ক কর্তৃক রোববার(৫ এপ্রিল) অ্যামেরিকা ও ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানোর প্রেক্ষিতে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
বাঘেই সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুদ্ধাপরাধের আল্টিমেটাম ও হুমকির ভিতর যুদ্ধিবিরতির আলোচনা অসামঞ্জস্যপূর্ণ।‘
‘যুদ্ধবিরতির প্রস্তাবে আমরা আমাদের জবাব জানিয়েছি। সময় মতো আরও বিস্তারিত জানানো হবে,’ যোগ করেন বাঘেই।
একই সঙ্গে বাঘেই জানান, তেহরানের জাতীয় স্বার্থ্ রক্ষায় যেসব দাবি রয়েছে সেগুলো ইতোমধ্যে মধ্যস্থকারীদের মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি পূর্বে উত্থাপিত অ্যামেরিকার ১৫ দফা দাবির কিছু প্রস্তাব ‘অতিরিক্ত’ হওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাঘেই আরও বলেন, ‘ইরান তার বৈধ দাবিগুলো জানাতে দ্বিধা বোধ করে না। এটি কোনো আপসের লক্ষণ নয় বরং আমাদের অবস্থান রক্ষায় আত্মবিশ্বাসের প্রতিফলন।