মধ্যবর্তী নির্বাচনে সরাসরি নিজে অংশ না নেওয়ায় রিপাবলিকান পার্টির পরাজয় হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে অংশ নেওয়া রিপাবলিকান প্রার্থীরাও হারের কারণ বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে প্রকাশিত নির্বাচনী ফলাফলে ডেমোক্র্যাটদের বিজয় ঘনিয়ে আসলে এসব দাবি করেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি ব্যালটে ছিলাম না, যদি আমি ব্যালটে থাকতাম নিশ্চিত আমাদের ভুমিধস বিজয় হতো।‘
এর আগে নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বিভিন্ন সময় ভোটারদের অনুরোধ করেন, ব্যালটে প্রেসিডেন্ট নিজেই লড়াই করছেন-তারা যেন এমন চিন্তা করেই ভোট দেয়।
এ প্রসঙ্গে পলটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,’কিন্তু ভোটাররা এ কথায় সমর্থন জানায়নি। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচিত পার্থীদের তারা পছন্দ করেননি।‘
এদিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে রিপাবলিকান প্রার্থী নির্বাচনেও বিশেষ ভূমিকা রেখেছিলেন ট্রাম্প।
টেক্সাসে প্রাইমারি সেনেট নির্বাচনে বর্তমান রিপাবলিকান সেনেটর জন করনিনের পরিবর্তে কেন প্যাক্সটনকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে সাউথ ক্যারোলাইনার বিশেষ নির্বাচনে প্রয়াত ভাই লিন্ডসে গ্রাহামের আসন পূরণ করতে ডারলাইন গ্রাহামকে পূর্ণ মেয়াদের জন্য সমর্থন করেছিলেন।
কিন্তু মূল নির্বাচনে দুটি আসনেই ভরাডুবি ঘটেছে প্যাক্সটন ও ডারলাইনের।
এদিকে, বিপর্যস্ত পরাজয়ের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের জয়ে বিস্ময়ও প্রকাশ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি তাদের বিজয়ে বেশ অবাক হয়েছি। আমি ভেবেছিলাম যে আমরা আরও অনেক ভালো করব।‘
‘আমাদের অসাধারণ সমাবেশ হয়েছে, যেখানে প্রচুর মানুষ ছিল, যারা ভিতরে প্রবেশ করতে পারেনি তাদের কথা তো বাদই দিলাম।‘
এছাড়া, একাধিক মন্তব্যে ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকেও পরাজয়ের জন্য দোষারোপ করেন ট্রাম্প।