স্ত্রীর চোখ উপেক্ষা করে প্রেমিকার সঙ্গে মমো ডেটে বের হয়েছিলেন স্বামী। তবে মনের এ গোপন ইচ্ছা পূরণ করতে গিয়েই এবার গভীর আইনি জটিলতায় মুখোমুখি হয়েছেন ওই পুরুষ । প্রেমিকার সঙ্গে মমো খাওয়ার ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায়।
স্ত্রীর দ্বারা অভিযুক্ত ওই স্বামী হলেন ভারতের উত্তর প্রদেশের মিরাট শহরের বাসিন্দা মায়াঙ্ক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় স্ত্রীর অগোচরে প্রেমিকা মাহিকে নিয়ে মমো খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন মায়াঙ্ক। তবে স্বামীর ওপর নজর রাখা সুনিতার চোখ এড়ায়নি ওই ঘটনাটি। স্বামীকে অনুসরণ করতে করতে মমো খাওয়ার সময় মায়াঙ্ককে ঘটনাস্থলেই পাকড়াও করেন সুনিতা।
ওই সময় ব্যক্তিগত গাড়িতে অবস্থান নেওয়া স্বামীকে বাইরে বের করে আনতে গাড়ির জানালায় সজোরে ধাক্কা দিতে থাকেন সুনিতা। পরে স্ত্রীর কাছ থেকে পালাতে গাড়ি চালাতে শুরু করেন আতঙ্কিত মায়াঙ্ক।
এ পরিস্থিতিতে ভুক্তভোগী স্ত্রী বনেটের ওপর শুয়ে পড়লেও, গাড়ি চালানো থামাননি মায়াঙ্ক। পরে পথচারীদের জড়ো করে স্বামীকে গাড়ি থামাতে বাধ্য করেন স্ত্রী।
এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, ওই ঘটনার পর স্থানীয় থানায় মায়াঙ্কর বিরুদ্ধে যৌতুক, শারীরিক নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে মামলা করেছেন সুনিতা।
সুনিদার দাবি, বনেটে শুয়ে প্রতিরোধ করা অবস্থায় তাকে নিয়ে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত গাড়ি চালান মায়াঙ্ক। জীবনঝুঁকি থেকে বাঁচতে ওই সময় পথচারীদের কাছে ‘বাঁচাও, বাঁচাও’ বলে সাহায্য চাইলে গাড়িটি আটকাতে ছুটে আসেন অনেকে। সাধারণ মানুষের চাপে গাড়িটি থামাতে মূলত বাধ্য হন তার স্বামী।
সুনিতার করা হত্যা চেষ্টার মামলার তথ্যটি নিশ্চিত করেছে শহরের কোতোয়ালি থানার সহকারী পুলিশ সুপার সংগ্রাম সিং। অভিযোগের ভিত্তিতে ও মায়াঙ্ক ও প্রেমিকা মাহিকে গ্রেপ্তার এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।