মেক্সিকোর প্যাসিফিক কোস্টের কাছে দ্রুত শক্তিশালী হচ্ছে হারিকেন সাইমন। এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল পৌঁছেছে। শুক্রবার (৯ অক্টোবর) অ্যামেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শনিবারের মধ্যে ঝড়টি বিপজ্জনক ক্যাটাগরি-৪ হারিকেনে পরিণত হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম ও মধ্য-পশ্চিম উপকূলের জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর দিকে এগোচ্ছে সাইমন। ঝড়টির প্রভাবে প্রাণঘাতী বন্যা, ভূমিধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মেক্সিকোর মিচোয়াকান স্টেইটের পুন্টা সান তেলমো থেকে নায়ারিত স্টেইটের পর্যটনকেন্দ্র পুন্টা মিতা পর্যন্ত উপকূলীয় এলাকায় হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।
মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সাইমনের দ্রুত শক্তি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। মেক্সিকো উপকূলের কাছে পৌঁছানোর সময় এটি অত্যন্ত বিপজ্জনক শক্তিশালী হারিকেনে পরিণত হতে পারে।
ঝড়ের প্রভাবে মেক্সিকোর গুয়েরেরো, মিচোয়াকান, ওক্সাকা, হালিস্কো ও কোলিমা স্টেইটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বেসরকারি আবহাওয়াবিষয়ক পূর্বাভাসদাতা প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার জানিয়েছে, সাইমন রবিবারের প্রথম দিকে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। এতে হালিস্কো ও কোলিমার উপকূলীয় এলাকায় ১৮ থেকে ২৪ ইঞ্চি (৪৬ থেকে ৬১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে সাইমন মেক্সিকোর মানজানিলো বন্দরনগরী থেকে প্রায় ২২০ মাইল দক্ষিণে অবস্থান করছিল। সে সময় ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।
ঘূর্ণিঝড়টির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় মেক্সিকোর উপকূলীয় এলাকায় সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সাইমনের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বাতাসের পাশাপাশি আকস্মিক বন্যা ও পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে। পরিস্থিতির অবনতি হলে ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে।