ফিলিস্তিনে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ এবং ইহুদি ধর্মের আচার পালন ঘিরে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, রোববার বিকেলে মসজিদের প্রাঙ্গনে ১০০’র বেশি ইসরায়েলির উপস্থিতি দেখা যায়। ওই সময় দেশটির পুলিশ বাহিনী উপস্থিত দলটির চারপাশ জুড়ে নিরাপত্তা দিচ্ছিল।
মসজিদ প্রাঙ্গনে প্রবেশের পর তারা সেখানে ইহুদিদের তালমুদীয় ধর্মীয় আচার পালন করেন।
এদিকে, রোববার সন্ধ্যায় ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়োম কিপুর শুরু হওয়ার কথা, যা চলবে সোমবার সন্ধ্যা পর্যন্ত।
বিগত কয়েক মাসে ইহুদিদের ধর্মীয় উৎসবের সময়গুলোতে ইসরায়েলিদের আল আকসা মসজিদে প্রবেশের মাত্রা বাড়তে দেখা গেছে বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এটিকে মসজিদ ব্যবস্থাপনায় ইহুদিদের কৌশলগত পরিবর্তনের চেষ্টা বলে দেখছে কর্তৃপক্ষ।