সাউথ কোরিয়ার সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, বৃহত্তর বিনিয়োগ এবং প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সিউলে সাউথ কোরিয়ার প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী পার্ক ইউন-জু এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হির সঙ্গে পৃথক বৈঠকে তিনি এসব বিষয়ে আলোচনা করেন। শুক্রবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পার্ক ইউন-জুর সঙ্গে বৈঠকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
তিনি বাংলাদেশ-কোরিয়া কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সিইপিএ দ্রুত স্বাক্ষরের আশা প্রকাশ করেন। একইসঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চমানের তৈরি পোশাক ও আইসিটিসহ প্রযুক্তিনির্ভর খাতে কোরীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া কৃষি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিকস, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন ও সেবাখাতে সহযোগিতার সুযোগ তুলে ধরেন তিনি। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, ইপিএস এর মাধ্যমে বাংলাদেশি দক্ষ ও অর্ধদক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও কোরিয়ার সহযোগিতা চান প্রতিমন্ত্রী।
প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হির সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম ও প্রতিরক্ষা শিল্প সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়ে প্রযুক্তি ও শিল্প সহযোগিতায় কোরীয় বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান হুমায়ুন কবির। কোরীয় পক্ষও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও শান্তিরক্ষী কার্যক্রমসহ পারস্পরিক সম্মত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।