ভারত থেকে অ্যামেরিকায় ভিসা আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু বড় পরিবর্তন এনেছে অ্যামেরিকা। যার মধ্যে আছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) কর্তৃক নতুন ফি, ভারতে অ্যামেরিকার দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা নবায়ন পদ্ধতি।
এনডিটিভি জানায়, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
ইতোমধ্যে ১ আগস্ট থেকে ১৮ বছরের কম বয়সী আবেদনকারী ব্যতীত অন্য তৃতীয় পক্ষকে ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহের অনুমতি দেওয়া হচ্ছে না।
ভারতীয়দের জন্য অ্যামেরিকার ভিসায় বড় পরিবর্তনগুলোর মধ্যে আরও রয়েছে ভিসা ইন্টিগ্রিটি ফি প্রবর্তন। গত ৪ জুলাই পাস হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিল-এর অধীনে ভারতীয়দের জন্য একটি নতুন ফি চালু করা হচ্ছে। ফলে আগামী ১ অক্টোবর থেকে অভিবাসী নয় এমন ব্যক্তির ক্ষেত্রে ভিসা আবেদনের জন্য ২৫০ ডলার প্রযোজ্য হবে।
এছাড়া আগামী ২ সেপ্টেম্বর থেকে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেইট ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম (ড্রপবক্স) সীমিত করে আনবে। এর ফলে আবেদনকারীরা সরাসরি সাক্ষাৎকার এড়িয়ে যেতে পারবেন না। তাদের এখন অ্যামেরিকান দূতাবাস বা কনস্যুলেটে উপস্থিত হতে হবে।
১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক ভারতীয়দের এখন থেকে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে।
তবে এ-১ এবং এ-২ ভিসা, কিছু নির্দিষ্ট সি-৩ ভিসা, জি-১ থেকে জি-৪ ভিসা, ন্যাটো-১ থেকে ন্যাটো-৬ ভিসা টেকরো ই-১ ভিসার ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য।
এছাড়া ভিসা ফি বৈধতার ক্ষেত্রে পেমেন্ট এখনও ৩৬৫ দিনের জন্য বৈধ রয়েছে। পাশাপাশি অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং প্রয়োজনীয় নথির তালিকা অপরিবর্তিত রয়েছে।